স্বাাধীন আজমঃ
রাজধানীর সদরঘাট হক মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ীরা তাদের নিজ নিজ দোকান বুঝে পাওয়ার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
১৬ অক্টোবর ২০২৫ সকাল ১১টায় সদরঘাট হক মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন হক মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সহ-সভাপতি হাজী মো. চুন্নু মোল্লা, মো. আনোয়ার হোসেন, সদস্য মো. জসিম উদ্দিন, মো. হাফিজুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন, মো. কামাল উদ্দিন, মো. নাদিম আহমেদসহ প্রায় ৭৩ জন দোকান মালিক ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, হক মার্কেটের মালিক ও সংশ্লিষ্ট ডেভেলপার কোম্পানি তাদের দীর্ঘদিনের মালিকানাধীন দোকান বুঝিয়ে দিচ্ছে না। পুনর্গঠন প্রকল্পের নামে দোকানগুলো ভেঙে ফেলার পর নতুন করে দোকান বরাদ্দের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত তারা তা বাস্তবায়ন করেনি।
মানববন্ধনে বক্তারা বলেন, ডেভেলপার কোম্পানির মালিক একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তুলে, দোকান মালিকদের ওপর হত্যার হুমকি, হামলার ভয়সহ বিভিন্ন মিথ্যা মামলার ভয় দেখাচ্ছে।
মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা জানান, এ ঘটনার সঙ্গে রাজনৈতিক কিছু সংখ্যক প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছে।
এ সময় ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, দোকান না পেয়ে তারা বর্তমানে চরম আর্থিক সংকটে পড়েছেন। বাধ্য হয়ে তাদের অনেকেই ভাড়া দোকানে ব্যবসা করছেন, আবার কেউ কেউ ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়েছেন।
দোকান মালিক সমিতি ইতোমধ্যে এ বিষয়ে একটি মামলা দায়ের করেছেন। সমিতির নেতৃবৃন্দ বলেন, আমরা কারো দয়া ও অনুদান চাই না, আমাদের নিজেদের দোকান আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। আমরা এ দোকানের বৈধ মালিক, আমাদের অধিকার থেকে তারা বঞ্চিত করার চেষ্টা করছে।
মানববন্ধনে তারা দ্রুত সময়ের মধ্যে দোকান বুঝিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
মোঃ মনিরুজ্জামান