জয়পুরহাটে এতিমদের মাঝে সৌদি দুম্বার মাংস বিতরণ
মোস্তাকিন হোসেন, জয়পুরহাট
জয়পুরহাট সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন এতিমখানার শিশুদের মাঝে সৌদি আরব থেকে প্রাপ্ত দুম্বার মাংস বিতরণ করা হয়েছে। মানবিক এই উদ্যোগে শিশুদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন জয়পুরহাট সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি রাজিব কুমার বিশ্বাস। তিনি বিভিন্ন এতিমখানার প্রতিনিধিদের হাতে মাংসের প্যাকেট তুলে দেন।
বিতরণ কার্যক্রমের সার্বিক সমন্বয় করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও হাবিবুর রহমান। তালিকা তৈরির শুরু থেকে বিতরণ শেষ হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে।
মাংস পেয়ে উৎফুল্ল হয়ে ওঠে শিশুদের মুখ। এসমঢ এতিমখানার শিক্ষক ও পরিচালকেরা বলেন, এ ধরনের সরকারি উদ্যোগ শুধু খাদ্য সাহায্য নয়—এটি শিশুদের প্রতি সমাজের ভালোবাসা ও সম্মিলিত দায়িত্ববোধের বহিঃপ্রকাশ।
তাদের মতে, উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের সমন্বিত এ উদ্যোগ এলাকায় মানবিকতার চর্চাকে আরও শক্তিশালী করবে।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও হাবিবুর রহমান বলেন, আমাদের কাজ শুধু সহযোগিতা পৌঁছে দেওয়া নয়—এটি যেন সঠিক শিশুদের হাতে, সঠিকভাবে পৌঁছায়, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ এতিম শিশুদের আনন্দ দেখে মনে হয়েছে আমাদের প্রচেষ্টা সার্থক হয়েছে। আমরা আগামীতেও মানবিক কাজগুলোতে সর্বোচ্চ দিয়ে পাশে থাকব।
সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি রাজিব কুমার বিশ্বাস রাশেদুল ইসলাম বলেন, সরকারের মানবিক সহায়তা যাতে প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে যায়, এটি আমরা নিশ্চিত করে থাকি। আজ এতিম শিশুদের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় অর্জন। আমরা চাই, সমাজের প্রতিটি সুবিধাবঞ্চিত শিশু যেন একটু ভালোভাবে দিন কাটাতে পারে।
অন্যদিকে আক্কেলপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন পিআইও অফিসের উদ্যোগ বিভিন্ন এতিমখানায় সৌদি আরবের দুম্বার মাংস বিতরণ করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন জানান, প্রভাবে দুম্বার মাংস গুলো এতিমদের মাঝে বিতরণ করতে পেরে খুশি তিনি।
মোস্তাকিন হোসেন