মোঃ মাজাহারুল ইসলাম সিপন , নেত্রকোনা:
দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে নেত্রকোনায় উদযাপিত হলো গণপ্রকৌশল দিবস ২০২৫ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে “দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রেসক্লাব মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।সভায় সভাপতিত্ব করেন আইডিইবি নেত্রকোনা জেলা শাখার সভাপতি এস. এম. মুসা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবু সাদেক খান ও প্রকৌশলী এ. বি. মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। তিনি বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি শিক্ষা কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দক্ষ জনশক্তিই টেকসই উন্নয়নে চালিকাশক্তি।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. রেহান মিয়া রায়হান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল কবীর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নায়েব আলী খান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, নেত্রকোনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার পণ্ডিত, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন এবং রুজেল শিক্ষা পল্লী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. নুরুল আলম হাদী।
আলোচনা সভায় বক্তারা দেশের সার্বিক উন্নয়নে কারিগরি শিক্ষার সম্প্রসারণ ও ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
মাজহারুল ইসলাম শিপন