চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামে এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে নির্মমভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম মোহাম্মদ হাসিব (২৬)। সোমবার বিকেলে নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার একটি নালা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হাসিব জাঙ্গালপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, স্থানীয় লোকজন নালায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে—একই এলাকার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাসিবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই নারী তাঁর প্রবাসী স্বামীকে বিদেশে তালাকনামা পাঠিয়ে হাসিবকে বিয়ে করেন। এ ঘটনার পর প্রবাসী স্বামী গত সপ্তাহে দেশে ফেরেন এবং স্ত্রীকে পুনরায় সংসারে ফিরিয়ে আনার চেষ্টা চালান। পাশাপাশি হাসিবকেও বোঝানোর চেষ্টা করেন।
কিন্তু শেষ পর্যন্ত ওই প্রবাসী গতকাল হাসিবের বাসায় গিয়ে তাঁকে ডেকে স্থানীয় সংগীত আবাসিক এলাকার ভেতরে নিয়ে যান। সেখানেই এলোপাতাড়ি ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে পালিয়ে যান।
নিহত হাসিবের ভাই মোহাম্মদ সাইফ ক্ষোভ প্রকাশ করে বলেন, “অন্যায় করলে বিচার হবে, কিন্তু জলজ্যান্ত মানুষকে বাসা থেকে ডেকে নিয়ে এভাবে খুন করা মানবিকতার পরিপন্থী। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
পুলিশ বলছে, ঘটনাটির সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
মাজহারুল ইসলাম শিপন