মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
ঐতিহ্যবাহী হযরত খাজা শরফুদ্দিন চিশতি (রহ.) রং মাজার শরীফ (হাইকোর্ট মাজার) স্থানান্তরের চক্রান্ত এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব আল্লামা মুফতী গিয়াস উদ্দিন তাহেরি সহ সুন্নী নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) সকালে কুমিল্লা টাউন হল গেইট এলাকায় জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক সুন্নী নেতা, মাদরাসা শিক্ষক, ছাত্র ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, হাইকোর্ট মাজার দেশের আধ্যাত্মিক ইতিহাস ও ইসলামী ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। এটি উগ্রবাদী অপশক্তির ষড়যন্ত্রে স্থানান্তরের চেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। একই সঙ্গে আল্লামা মুফতী গিয়াস উদ্দিন তাহেরি ও সুন্নী নেতাদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, আউলিয়া ও মাশায়েখগণের দরবার ও মাজার রক্ষা করা প্রতিটি মুসলমানের নৈতিক দায়িত্ব। তাই এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা সরকারের নিকট আহ্বান জানান— হাইকোর্ট মাজার শরীফকে কেন্দ্র করে যেকোনো ষড়যন্ত্রমূলক পদক্ষেপ অবিলম্বে বন্ধ করতে হবে।
উল্লেখ্য, হযরত খাজা শরফুদ্দিন চিশতি (রহ.) এর রং মাজার শরীফ (হাইকোর্ট মাজার) দীর্ঘদিন ধরে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ জিয়ারতের স্থান।
মোঃ শাহজাহান বাশার