ঢাকা | বঙ্গাব্দ

রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’ ছেলেমেয়েকে আ. লীগের নেতৃত্বে আনছেন শেখ হাসিনা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2025 ইং
রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’ ছেলেমেয়েকে আ. লীগের নেতৃত্বে আনছেন শেখ হাসিনা ছবির ক্যাপশন: রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’ ছেলেমেয়েকে আ. লীগের নেতৃত্বে আনছেন শেখ হাসিনা
ad728

মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার 

ক্ষমতাচ্যুত হয়ে এক বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগ সভানেত্রী ও টানা তিন দফা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বয়স এখন ৭৮ ছুঁইছুঁই। দীর্ঘ ৪৪ বছর ধরে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে থাকার পর বয়সজনিত সীমাবদ্ধতা এবং রাজনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে এখন সামনে এসেছে তার উত্তরাধিকার বা সাকসেসন প্ল্যান। দলীয় সভাপতি শেখ হাসিনা এবার তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে আওয়ামী লীগের নেতৃত্বে আনার সিদ্ধান্ত নিয়েছেন—যেটি অনেকটা ভারতের কংগ্রেসের ‘রাহুল-প্রিয়াঙ্কা মডেল’-এর আদলে। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা।

১৯৮১ সালের ১৭ মে থেকে টানা ৪৪ বছরেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। কিন্তু এ দীর্ঘ সময় দলীয় উত্তরাধিকার নিয়ে তিনি প্রকাশ্যে কখনোই মুখ খোলেননি। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো কার্যত ভেঙে পড়ে। অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করে দিলে তৃণমূল নেতাদের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়—“নেত্রী অনুপস্থিত থাকলে নির্দেশনা আসবে কার কাছ থেকে?”

ভারতে ‘অতিথি’ হিসেবে কড়া নজরদারির মধ্যে বসবাস করায় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগে সীমাবদ্ধ হয়ে পড়েছেন। ফলে বয়স ও পরিস্থিতির চাপে তাকে এখন পরিবারকেন্দ্রিক উত্তরাধিকারের সিদ্ধান্তে যেতে হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনা ছেলে জয় ও মেয়ে পুতুলকে আওয়ামী লীগের মূল নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছেন। পাশাপাশি শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় আনার চিন্তা রয়েছে।

সজীব ওয়াজেদ জয়: যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা ও মার্কিন নাগরিক হলেও তিনি দলীয় মুখপাত্র হিসেবে সক্রিয়। দেশি-বিদেশি গণমাধ্যমে ঘন ঘন সাক্ষাৎকার দিচ্ছেন।

সায়মা ওয়াজেদ পুতুল: দিল্লিতে অবস্থান করায় সরাসরি মায়ের পাশে থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াচ্ছেন। অনলাইনে শেখ হাসিনার ভাষণের খসড়া তৈরি, কর্মসূচির ক্যালেন্ডার তৈরি থেকে শুরু করে দর্শনার্থীদের সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত অনেক দায়িত্বই এখন তার কাঁধে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদ থেকে ছুটিতে পাঠানো হওয়ার পর তিনি পুরোপুরি রাজনীতিতে সক্রিয় হয়েছেন। দলের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, গত কয়েক মাসে তিনি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকও করেছেন।

শেখ হাসিনার ঘনিষ্ঠ অনেক নেতা এই পারিবারিক উত্তরাধিকার পরিকল্পনা সম্পর্কে জানলেও প্রকাশ্যে কিছু বলতে চান না। বিবিসির সঙ্গে আলাপচারিতায় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত দাবি করেন, “আমাদের এখন প্রধান লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার। কে কী পদে থাকবেন, সেটা আলোচনার বিষয় নয়।” তবে তার বক্তব্য থেকেও বোঝা যায়, জয় আগে থেকেই দলের কাজ করছেন, আর এখন সায়মা ওয়াজেদও সরাসরি যুক্ত হচ্ছেন।

ভারতের কংগ্রেসেও বর্তমানে নেতৃত্ব সামলাচ্ছেন সোনিয়া গান্ধীর ছেলে-মেয়ে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। রাহুল প্রধান মুখ, প্রিয়াঙ্কা গুরুত্বপূর্ণ সহযোগী। শেখ হাসিনা দীর্ঘদিন ধরেই গান্ধী পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন এবং তাদের মডেল অনুসরণ করাই এখন আওয়ামী লীগের জন্য ‘ন্যাচারাল চয়েস’ বলে বিশ্লেষকরা মনে করছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কার্যত কোণঠাসা অবস্থায় আছেন। প্রায় এক বছর ধরে ভারতে থাকলেও তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি। বরং সভাপতি শেখ হাসিনা বেশি আস্থা রাখছেন তিন সাবেক নেতার ওপর—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম এবং জাহাঙ্গীর কবির নানক। কলকাতায় অবস্থানরত এই তিনজনের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা ও পরিকল্পনা তৈরির দায়িত্ব এখন সায়মা ওয়াজেদের হাতে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে জয় নেতৃত্ব দিচ্ছেন দলের আন্তর্জাতিক বয়ান তৈরির টিমে। বিদেশি সংবাদমাধ্যমে আওয়ামী লীগের অবস্থান তুলে ধরাই তাদের কাজ।

৭৬ বছরেরও বেশি পুরনো দল আওয়ামী লীগ আজ সবচেয়ে সংকটময় সময় পার করছে। নেতৃত্বহীনতার সংকটে থাকা এই দল আবারও দাঁড়িয়ে উঠবে কি না, তা অনেকটাই নির্ভর করছে শেখ হাসিনার এই নতুন নেতৃত্ব পরিকল্পনার সফলতার ওপর। তবে একথা স্পষ্ট, আওয়ামী লীগের নেতৃত্ব এখনও বহির্বিশ্বে অবস্থানরত ‘ফার্স্ট ফ্যামিলি’-র হাতেই।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নলছিটিতে এতিমদের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ

নলছিটিতে এতিমদের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ