নিজস্ব প্রতিবেদক, জুয়েল রানা
নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার ঘটনায় মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এনসিপির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ তথ্য জানান আখতার হোসেন।
বার্তায় আখতার হোসেন জানান, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় এয়ারপোর্টের পাশে পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় মামলা করেন তিনি।
এ মামলায় ২ জনের নাম উল্লেখ করে ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা নাম দেখিয়ে মামলা করা হয়েছে। আখতারের অভিযোগ ওই দিনের হামলার পরও এয়ারপোর্টের লবিতে এবং অন্যান্য জায়গায় তারা নানাভাবে হেনস্তা করার চেষ্টা করেছে।
ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, ‘আমরা ইউএস পুলিশকে অবহিত করেছি যে, এ ঘটনায় জড়িতরা বাংলাদেশে নিষিদ্ধ একটি সংগঠনের সঙ্গে যুক্ত, যারা গত বছর বাংলাদেশে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ চালিয়েছে। আমরা এ ব্যাপারে জাতিসংঘের রিপোর্ট সম্পর্কেও তাদের জানিয়েছি।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। সেখানে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
জুয়েল রানা