ঢাকা | বঙ্গাব্দ

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদের ২৩ বস্তা নথি উদ্ধার।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2025 ইং
সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদের ২৩ বস্তা নথি উদ্ধার। ছবির ক্যাপশন: ফাইল ফটো।
ad728
মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ 

সাবেক ভূমিমন্ত্রী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল)-এর চেয়ারম্যান সাইফুজ্জামান চৌধুরীর বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য-প্রমাণসম্বলিত ২৩ বস্তা নথি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। উদ্ধার হওয়া এসব নথিতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুর ছাড়াও ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও  কম্বোডিয়ায় অর্জিত তার বিপুল সম্পদের তথ্য রয়েছে।

২০ সেপ্টেম্বর, শনিবার দিবাগত গভীর রাতে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শিকলবাহা ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব নথি জব্দ করা হয়। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত নথিগুলোতে বিদেশে নতুন সম্পদ ক্রয়, বাড়ির মালিকানা, ভাড়া থেকে আয়, রক্ষণাবেক্ষণ খরচ, ব্যাংক হিসাব এবং মানিলন্ডারিংয়ের সুস্পষ্ট আলামত পাওয়া গেছে। প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে, সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে ৫৮২টির বেশি সম্পত্তি রয়েছে। এসব সম্পদ গোপন করার পাশাপাশি বৈদেশিক মুদ্রা পাচারের বিস্তারিত তথ্যও সেখানে লিপিবদ্ধ রয়েছে।

দুদক জানায়, অভিযানের আগে নথি সরিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। ১৬ সেপ্টেম্বর, কালুরঘাটে আরামিট গ্রুপের কার্যালয় থেকে ইউসিবিএল চেয়ারম্যান রুকমীলা জামানের ড্রাইভার মো. ইলিয়াস তালুকদার এসব নথি নিয়ে যান। 

পরবর্তীতে ১৮ সেপ্টেম্বর, দুদকের অভিযানের আগে তিনি নথিগুলো পাশের স্থানীয় ওসমান তালুকদারের বাড়িতে সরিয়ে রাখেন। গোপন তথ্যের ভিত্তিতে দুদক সেখান থেকে নথিগুলো উদ্ধার করে।

অভিযানের সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পুলিশ ও অন্যান্য দায়িত্বশীল ব্যক্তির উপস্থিতিতে এসব নথি জব্দ করা হয়। দুদকের একটি বিশেষ টাস্কফোর্স নথিগুলো পর্যায়ক্রমে পর্যালোচনা করে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ কমিশনে প্রতিবেদন দাখিল করবে।

এর আগে ১৭ সেপ্টেম্বর, দুপুরে দুদকের আরেকটি দল অভিযান চালিয়ে সাইফুজ্জামানের ঘনিষ্ঠ সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজকে গ্রেফতার করে। পরদিন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।

দুদক কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নথি বিশ্লেষণ করতে সময় লাগবে। তবে ইতোমধ্যেই সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
কুড়িগ্রামে দুধকুমার-ব্রহ্মপুত্রে ব্যাপক ভাঙ্গন।

কুড়িগ্রামে দুধকুমার-ব্রহ্মপুত্রে ব্যাপক ভাঙ্গন।