বগুড়া গাবতলীতে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৮।
রুহল আমিন শাহিন, বগুড়া:
বগুড়ার গাবতলীতে গ্যাস সিলিন্ডার ভর্তি একটি মিনি ট্রাকের সাথে পরপর দুটি যাত্রীবাহী সিএনজির সংঘর্ষে জামাল সরকার (৭০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির দুই চালকসহ অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে- গাবতলী সারিয়াকান্দী সড়কের খলিসাকুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জামাল সরকার গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়নের দোয়ারপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি একজন ভাঙারি ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গাবতলী হামিদপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সিএনজি চালক জহুরুল ইসলাম বগুড়ার চেলোপাড়া থেকে যাত্রী নিয়ে গাবতলীর দিকে যাচ্ছিলেন। খলিসাকুড়া এলাকায় পৌঁছালে ঢাকা মেট্রো-ন-২০-৬৬৩৮ নম্বরের একটি গ্যাস সিলিন্ডার ভর্তি মিনি ট্রাক বিপরীত দিক থেকে এসে সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চালক জহুরুল ও যাত্রী জামাল গুরুতর আহত হন।
পরবর্তীতে ট্রাকটি দ্রুত পালানোর সময় একই স্থানে লিটন (৪৫) নামের অপর একটি যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ সব যাত্রী আহত হন।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, দুর্ঘটনাকবলিত মিনি ট্রাক ও একটি সিএনজি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় জামাল নামে একজন মারা গেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ মনিরুজ্জামান