ইন্টারনেটের মূল্যবৃদ্ধির আশঙ্কায় কুড়িগ্রামে মানববন্ধন
-
নিউজ প্রকাশের তারিখ :
Nov 6, 2025 ইং
ছবির ক্যাপশন: ইন্টারনেটের মূল্যবৃদ্ধির আশঙ্কায় কুড়িগ্রামে মানববন্ধন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ইং ০৫:০০ পিএম.
‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক এবং লাইসেন্সিং নীতি-২০২৫’-এর খসড়া গাইডলাইন বাতিল এবং ইন্টারনেটের সম্ভাব্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ইন্টারনেট ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং কুড়িগ্রাম জেলার বিভিন্ন আইএসপি অপারেটররা।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রস্তাবিত গাইডলাইনে স্থানীয় উদ্যোক্তাদের স্বার্থ সুরক্ষা, ব্যবসা টিকিয়ে রাখা এবং গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করার বিষয়গুলো যথাযথভাবে প্রতিফলিত হয়নি। এতে স্থানীয় আইএসপি উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন এবং গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবার দাম অযৌক্তিকভাবে বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
‘কুড়িগ্রাম অনলাইনে’র সিটিও মো. জাকির হোসেন বলেন, “গাইডলাইনে স্থানীয় অপারেটরদের মতামত উপেক্ষা করা হয়েছে। এটি কার্যকর হলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ব্যবসায় টিকে থাকতে পারবেন না।”
এসময় আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম আইএসপির মিলন সরকার, কার্নিভাল ইন্টারনেটের ইনচার্জ সুকুমার রায় এবং লিঙ্ক থ্রির কর্মকর্তা রানা।
বক্তারা দেশীয় উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করে নীতিমালা পুনর্বিবেচনার দাবি জানান। একই সঙ্গে তারা সরকারকে উদ্যোক্তা-বান্ধব ও গ্রাহকসুবিধা রক্ষাকারী নীতি প্রণয়নের আহ্বান জানান।
মানববন্ধন শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব বরাবর বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।
নিউজটি পোস্ট করেছেন :
মিম
কমেন্ট বক্স