ব্যাংক থেকে বিকাশ-নগদ-রকেটে সরাসরি পাঠানো যাবে টাকা, গুনতে হবে ফি
দেশে নগদ অর্থের লেনদেন কমাতে জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) মাধ্যমে ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে ইন্টার-অপারেবল লেনদেন চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ নভেম্বর থেকে এই ব্যবস্থায় গ্রাহকরা ব্যাংক থেকে বিকাশ, নগদ, রকেট বা অন্য এমএফএস অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাতে পারবেন; তবে এক্ষেত্রে নির্দিষ্ট হারে ফি দিতে হবে।
এতে বলা হয়, আগামী ১ নভেম্বর থেকে এনপিএসবি প্ল্যাটফর্মের মাধ্যমে ইন্টার-অপারেবল বা আন্তঃলেনদেন করতে পারবেন গ্রাহকরা। এর আওতায় ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও ডিজিটাল ব্যাংক একক প্ল্যাটফর্মে যুক্ত থাকবে। ফলে গ্রাহকরা ব্যাংক থেকে এমএফএস বা পিএসপি এবং বিপরীতমুখীভাবে এমএফএস থেকে ব্যাংকে তাৎক্ষণিকভাবে অর্থ স্থানান্তর করতে পারবেন।
ইন্টার-অপারেবল ব্যবস্থায় অর্থ প্রেরণের ক্ষেত্রে প্রেরক ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও এমএফএস প্রতিষ্ঠান যথাক্রমে সর্বোচ্চ ০.১৫ শতাংশ, ০.২০ শতাংশ ও ০.৮৫ শতাংশ ফি আদায় করতে পারবে।
জুয়েল রানা