ঢাকা | বঙ্গাব্দ

ছাত্রদলের তোপের মুখে জিয়ার মাজার থেকে চলে যেতে বাধ্য হন ডা. সাবরিনা।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 27, 2025 ইং
ছাত্রদলের তোপের মুখে জিয়ার মাজার থেকে চলে যেতে বাধ্য হন ডা. সাবরিনা। ছবির ক্যাপশন: ছাত্রদলের তোপের মুখে জিয়ার মাজার থেকে চলে যেতে বাধ্য হন ডা. সাবরিনা।
ad728

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার:

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়লেন ডা. সাবরিনা। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তাকে ঘিরে তোপের মুখে ফেলে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ তোলেন। শেষ পর্যন্ত উত্তেজনাকর পরিস্থিতির একপর্যায়ে গাড়িতে করে সেখান থেকে চলে যেতে বাধ্য হন তিনি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে এ ঘটনা ঘটে। এ সময়কার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

চোখে পড়া ভিডিওচিত্রে দেখা যায়, নরসিংদী জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে ডা. সাবরিনা ও কয়েকজন কর্মী জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে অপেক্ষা করছিলেন। এমন সময় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি আকরাম ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন।

আকরাম সরাসরি সাবরিনার পরিচয় জানতে চান। জবাবে তিনি বলেন— “আমি কেন্দ্রীয় কমিটির এক নম্বর সদস্য।” সঙ্গে সঙ্গেই ছাত্রদল নেতা আকরাম প্রশ্ন তোলেন, “বিএনপি থেকে প্রেস দেয়া হয়েছে। আপনার এখানে আসার কথা না। আপনি তো আওয়ামী লীগের সময় শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দিয়েছেন।”

এ অভিযোগ অস্বীকার করে সাবরিনা পাল্টা জবাব দেন— “শেখ হাসিনাকে নিয়ে আমি কখনো কোনো স্লোগান দিইনি। প্রমাণ দেখান।”

বিতর্ক আরও বাড়তে থাকলে ছাত্রদল নেতাকর্মীরা সাবরিনাকে উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকেন— “আওয়ামী দালালেরা হুঁশিয়ার সাবধান”, “আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না।”

তবে সাবরিনা সেখানে দাঁড়িয়ে বলেন— “জিয়ার মাজার সবার। কাউকে এখান থেকে সরিয়ে দেওয়ার অধিকার কারো নেই।”

কিন্তু ছাত্রদল নেতাকর্মীরা তার উপস্থিতির বিরোধিতা করে অনড় থাকেন। শেষ পর্যন্ত উত্তেজনা ছড়ানোর আশঙ্কায় ডা. সাবরিনা গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার পুরো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনার ঝড় বইছে। অনেকে সাবরিনার অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলছেন, আবার কেউ কেউ এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলছেন।

ছাত্রদলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনার পর বিএনপি নেতাকর্মীদের ভেতর সাবরিনার রাজনৈতিক পরিচয় ও অবস্থান নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
বিমানবন্দরে নামার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রবাসী নাজিম

বিমানবন্দরে নামার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রবাসী নাজিম