ভয়াবহ বৃষ্টিপাতে বিপর্যস্ত ইসরায়েল।
নিউজ ডেস্কঃ
গত ৯৩ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে ইসরায়েল। দেশটির উত্তরাঞ্চলে গত এক শতাব্দীরও বেশি সময়ের পুরোনো বৃষ্টিপাতের রেকর্ড ভেঙেছে।
২৪ সেপ্টেম্বর,বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নাহারিয়ায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা সেপ্টেম্বর মাসে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের নতুন রেকর্ড।
এর আগে ১৯৩২ সালের ১২ সেপ্টেম্বর জেরুজালেমের কাছে গুশ এৎজিওন এলাকায় সর্বোচ্চ ৯৫.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।
এই অতিবৃষ্টির কারণে নাহারিয়ার গা'আতোন খালের পানি দ্রুত বেড়ে গেছে, যার ফলে শহরের ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ে এবং বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে।
সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে উত্তর উপকূলীয় সমভূমি, কারমেল অঞ্চল এবং পশ্চিম গ্যালিলিতে। ড্রেনেজ সমস্যা ও পানি দূষণের কারণে হাইফার সৈকতগুলোতে সাঁতার কাটা সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকবে।
তথ্যসূত্রঃ টাইমস অব ইসরায়েল।
মোঃ মনিরুজ্জামান