
মো. শাহজাহান বাশার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস।” মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন,“বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।”
তিনি জানান, বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক, প্রবাসী বাঙালি ও শুভাকাঙ্ক্ষীদের উদ্বেগ-উৎকণ্ঠা এবং বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া—এসবই তাদের পরিবারকে আবেগাপ্লুত করেছে এবং গভীরভাবে স্পর্শ করছে।
তারেক রহমান আরও বলেন,“দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইলো।”
তিনি আশা প্রকাশ করেন, বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে জাতির গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে পুনরায় নেতৃত্ব দিতে সক্ষম হবেন।
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ দেশের সর্বস্তরের মানুষ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া-মোনাজাত ও বিভিন্ন কর্মসূচি পালন করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও জিয়ার পরিবারের প্রতি সমর্থন, ভালোবাসা ও দোয়া জানানো অব্যাহত রয়েছে।