প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 13, 2025 ইং
আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপির নেতাকর্মিরা কঠোর অবস্থানে।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের অনলাইনে ডাকা লকডাউনে জয়পুরহাটের পাঁচবিবিতে কোনো প্রভাব পড়েনি। যান চলাচল স্বাভাবিক ছিল। সকাল থেকেই শহরের তিন মাথা, পাঁচমাথা ও রেলস্টেশনসহ বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে কঠোর অস্থানে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও বিএনপির নেতাকর্মিরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে পাঁচবিবি-টু জয়পুরহাট ও হিলি সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। শহরের বিভিন্ন সড়কে অটোরিকশা, সিএনজি, প্রাইভেটকার, ট্রাক ও বাস চলাচল করেছে অন্যান্য দিনের মতোই। তবে উপজেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের অনলাইনে ডাকা লকডাউনে প্রতিরোধে শহরের তিন মাথা মোড়ে কঠোর অবস্থানে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, থানা ছাত্র দলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, যুব নেতা নয়ন প্রধান, মামুন হোসেন, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্না আহবায়ক মঞ্জুর রাকিব, পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকি, পৌর ৩ নং ওয়ার্ড ছাত্র দলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ অনেকে।
একজন অটোভ্যান চালক বলেন,সকাল থেকে পাঁচবিবি ফিচকাঘাট সড়কে যাত্রী নিয়ে চলাচল করছি। কেউ বাঁধা দেয়নি। অন্যান্য দিনের মতোই চলাচল করছি। পাঁচবিবিতে লকডাউনের কিছুই হয়নি।
এক সিএনজি চালক বলেন, আমি ফেসবুকে দেখেছি আজ বলে আওয়ামীলীগ লকডাউন দিয়েছে। কিন্ত পাঁচবিবিতে তেমন কিছুই টের পাইনি। অন্যান্য দিনের মতোই চলছে। মানুষজন বাজারে আসছে বাজার করে আবার বাড়িতে ফিরছে। বাজারও তো খোলা।
অনলাইনে যেভাবে বলা হচ্ছিল,বাস্তবে তা দেখা যাচ্ছে না।পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকি বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের অনলাইনে ডাকা লকডাউন প্রতিরোধে গতকাল রাতে বিক্ষোভ মিছিল করেছি। জনগণের যানমালের নিরাপত্তা দিতে বৃহস্পতিবার সকাল থেকে রেলস্টেশন, তিন মাথা ও পাঁচমাথা মোড়ে ছাত্রদলের নেতাকর্মিরা কঠোর অবস্থানে ছিল।
পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের অনলাইনে ডাকা লকডাউন প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি পৌর শহরের প্রতিটি সড়কের মোড়ে মোড়ে বিএনপির নেতাকর্মিরা কঠোর অবস্থানে ছিল। আওয়ামীলীগের দোসরদের দাঁতা ভাঙ্গা জবাব দিতে আমাদের নেতাকর্মিরা প্রস্তত আছে। পাঁচবিবিতে জনজীবনে কোনো দৃশ্যমান প্রভাব ফেলতে পারেনি। শহরের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ও স্বাভাবিক রয়েছে। চলমান কর্মজীবন ও ব্যবসা-বাণিজ্যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক জানান,সকাল থেকে প্রতিটি মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি পুলিশের টহল জোরদার করা হয়েছে। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY