মোঃ সুজন আহমেদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক দুইবারের সংসদ সদস্য এম. আকবর আলী।
মনোনয়নের খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই উল্লাপাড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে নেমে আসে আনন্দের জোয়ার। গোটা উপজেলা যেন পরিণত হয় এক উৎসবমুখর মিছিলের মঞ্চে।
ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ারঃ
৪ নভেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় উল্লাপাড়া পৌর শহরের বেতুয়াবাজারে নিজ বাসভবনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এম. আকবর আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে, বাজি ফোটানো, মিষ্টি বিতরণ ও শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
নেতা-কর্মীরা স্লোগান দিতে থাকেন— “ধানের শীষের বিজয় নিশ্চিত”, “আকবর আলীর নেতৃত্বে উল্লাপাড়া ঐক্যবদ্ধ”, যা চারপাশে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাসের ঢেউ তুলেছিল।
এই মনোনয়ন জনগণের প্রত্যাশার প্রতিফলনঃ
উল্লাপাড়া উপজেলা বিএনপির একাধিক নেতা বলেন, “এম. আকবর আলী একজন ত্যাগী, সৎ ও নির্ভীক রাজনীতিবিদ। তিনি শুধু দলের জন্য নয়, উল্লাপাড়ার সাধারণ মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় সব সময় অগ্রণী ভূমিকা রেখেছেন। তার মনোনয়ন জনগণের প্রত্যাশারই প্রতিফলন।”
তারা আরও জানান, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জনপ্রিয়তার কারণে এই আসনে বিএনপি পুনরায় সংগঠিত হবে, এবং ধানের শীষ প্রতীক বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছাবে।
আকবর আলীর বক্তব্য: “এ মনোনয়ন উল্লাপাড়ার প্রতিটি কর্মীরঃ
ফুলেল শুভেচ্ছা গ্রহণ শেষে এম. আকবর আলী উল্লাপাড়ার জনগণ ও বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বলেন,
“এই মনোনয়ন শুধু আমার নয়— এটি উল্লাপাড়ার প্রতিটি বিএনপি নেতা-কর্মীর সম্মান। আমি বিশ্বাস করি, ঐক্যবদ্ধভাবে কাজ করলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।”
তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“দল আমার প্রতি যে আস্থা রেখেছে, আমি সেই আস্থার মর্যাদা রক্ষা করব। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই হবে আমাদের মূল লক্ষ্য।
মনোনয়ন ঘোষণার পর থেকেই উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল, ব্যানার, পোস্টার ও ফেস্টুনে মুখর হয়ে ওঠে বিএনপি কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থানগুলো।
রাতভর নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ, মোটরসাইকেল শোভাযাত্রা ও প্রার্থীর পক্ষে স্লোগান দিতে থাকেন।
উল্লাপাড়া পৌরসভা ও উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী সমবেত হয়ে ধানের শীষের পক্ষে সংহতি জানান।
দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাঃ
উল্লেখ্য, এম. আকবর আলী সিরাজগঞ্জ-৪ আসনের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। তিনি এর আগে দু’বার এই আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং স্থানীয় রাজনীতিতে দলীয়ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।