প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 4, 2025 ইং
নরসিংদীর ডিকশনারি থেকে ‘চাঁদাবাজি’ শব্দ বিদায়: অতিরিক্ত পুলিশ সুপার

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার:
নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি চাঁদাবাজদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি প্রকাশ করে জানান, নরসিংদীর ডিকশনারি থেকে ‘চাঁদাবাজি’ শব্দ বিদায় হবে।
শামীম আনোয়ার তার পোস্টে লিখেন—“প্রিয় চাঁন্দা-ভাইয়েরা, নরসিংদীতে আমরা আপনাদের দুই সহযোগী, প্রকাশ্য চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করায় জানি আপনাদের আঁতে ঘা লেগেছে। আমাকে থামাতে নানামুখী আয়োজনও চলছে আপনাদের। লোভ-লালসা থেকে শুরু করে হুমকি-ধামকি, বাদ যাচ্ছে না কোনো কিছুই। হয়তো ভাবছেন, পুলিশ অফিসারেরা এমন আওয়াজ টুকটাক দেয়ই। মোটা বান্ডিল পকেটে পুরে দিলেই সব থেমে যাবে। কিন্তু ভুল ভেবেছেন—নরসিংদীর ডিকশনারি থেকে এবার চাঁদাবাজি শব্দ বিদায় নিতেই হবে।”
তিনি আরও স্পষ্ট বার্তা দেন—এই জেলায় চাঁদাবাজদের কোনো স্থান নেই এবং যেকোনো মূল্যে চাঁদাবাজি বন্ধ করা হবে।
আজ শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী পৌর এলাকার আরশীনগর সিএনজি স্টেশনে অভিযানে যান অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম। এসময় দুই চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হন তিনি। তবে ধস্তাধস্তির সময় অভিযুক্তরা তাকে ধাক্কা দিলে তিনি পা পিছলে পড়ে আহত হন। বর্তমানে তিনি রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শামীম আনোয়ার নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন,
“চাঁদাবাজ ধরতে গিয়ে আহত হয়েছি। কিন্তু এ লড়াই থেকে আমি পিছিয়ে আসব না। নরসিংদীতে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য দুর্নীতির কাছে হার মানবে না।”
নরসিংদী জেলা পুলিশের কর্মকর্তারা জানান, অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ার দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থান নিয়েছেন। তার উদ্যোগে কয়েক দফা বড় অভিযান চালিয়ে প্রকাশ্য চাঁদাবাজ চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।
শামীম আনোয়ারের সাহসী ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। তারা মনে করেন, তার মতো কর্মকর্তাদের দৃঢ় অবস্থানই জেলার অপরাধ নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে।
নরসিংদীর মানুষ এখন আশাবাদী—সত্যিই কি জেলার ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দ বিদায় নেবে?
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY