প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 30, 2025 ইং
ভোলায় জামায়াত ছাড়লেন ৪৫ নেতাকর্মী, বিএনপির পতাকাতলে যোগদান

মোঃ শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার
ভোলার চরফ্যাশন উপজেলায় জামায়াতে ইসলামীর রাজনীতি থেকে সরে এসে বিএনপিতে যোগদান করেছেন ৪৫ জন নেতাকর্মী। চরফ্যাশনের আহম্মেদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও দুলারহাট থানা শাখার সাবেক বায়তুলমাল (কেশিয়ার) মাওলানা ওমর ফারুকের নেতৃত্বে এ যোগদান অনুষ্ঠিত হয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চরফ্যাশন-মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলমের চরফ্যাশনের বাসভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিএনপিতে অন্তর্ভুক্ত করা হয়। এসময় ফুলের মালা পরিয়ে নবাগতদের আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানো হয়।
সদ্য বিএনপিতে যোগ দেওয়া মাওলানা ওমর ফারুক বলেন, “চরফ্যাশন দুলারহাট থানা এলাকায় জামায়াতের কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট ছিলাম না। বিএনপির কার্যক্রম আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হওয়ায় আমি এবং আমার সঙ্গে থাকা ৪৫ জন নেতাকর্মী সাবেক এমপি নাজিম উদ্দীন আলমের হাত ধরে বিএনপিতে যোগদান করেছি। দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা সবসময় বিএনপির সঙ্গে থাকব।”
যোগদান অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম বলেন, “আপনারা বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয়ে বিএনপিতে যোগদান করেছেন। এজন্য আমি আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাই। আপনাদের এই যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে বিএনপির বিজয়ের পথ সুগম হবে।”
অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলালসহ বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত থেকে বিএনপিতে যোগদানকারী এই নেতাকর্মীদের পদক্ষেপ চরফ্যাশনের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করবে। এতে বিএনপির সাংগঠনিক শক্তি যেমন বাড়বে, তেমনি মাঠ পর্যায়ে দলের অবস্থান আরও সুদৃঢ় হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY