
মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়লেন ডা. সাবরিনা। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তাকে ঘিরে তোপের মুখে ফেলে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ তোলেন। শেষ পর্যন্ত উত্তেজনাকর পরিস্থিতির একপর্যায়ে গাড়িতে করে সেখান থেকে চলে যেতে বাধ্য হন তিনি।শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে এ ঘটনা ঘটে। এ সময়কার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আকরাম সরাসরি সাবরিনার পরিচয় জানতে চান। জবাবে তিনি বলেন— “আমি কেন্দ্রীয় কমিটির এক নম্বর সদস্য।” সঙ্গে সঙ্গেই ছাত্রদল নেতা আকরাম প্রশ্ন তোলেন, “বিএনপি থেকে প্রেস দেয়া হয়েছে। আপনার এখানে আসার কথা না। আপনি তো আওয়ামী লীগের সময় শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দিয়েছেন।”
এ অভিযোগ অস্বীকার করে সাবরিনা পাল্টা জবাব দেন— “শেখ হাসিনাকে নিয়ে আমি কখনো কোনো স্লোগান দিইনি। প্রমাণ দেখান।”
তবে সাবরিনা সেখানে দাঁড়িয়ে বলেন— “জিয়ার মাজার সবার। কাউকে এখান থেকে সরিয়ে দেওয়ার অধিকার কারো নেই।”
কিন্তু ছাত্রদল নেতাকর্মীরা তার উপস্থিতির বিরোধিতা করে অনড় থাকেন। শেষ পর্যন্ত উত্তেজনা ছড়ানোর আশঙ্কায় ডা. সাবরিনা গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন।