প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 20, 2025 ইং
কুমিল্লার বুড়িচংয়ে স্টিল মিলে চুরির অভিযোগে আটক যুবককে কুকুর লেলিয়ে নির্যাতন।

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকায় অবস্থিত সাকুরা স্টিল মিলে চুরির অভিযোগে আটক এক যুবককে কুকুর লেলিয়ে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইতোমধ্যে র্যাব-১১ সিপিসি-২ এবং বুড়িচং থানা পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।
নির্যাতনের শিকার যুবকের নাম শ্রী জয় (৩২), তিনি চান্দিনা উপজেলার মাইসখার গ্রামের শ্রী বিষ্ণুর ছেলে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়— দুটি কুকুর একযোগে শ্রী জয়ের শরীরে কামড় বসাচ্ছে, আর কয়েকজন লাঠি হাতে তাকে বেধড়ক পেটাচ্ছে। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি এবং প্রাণ বাঁচাতে চিৎকার করতে থাকেন। এই দৃশ্য দেখে স্থানীয় ও সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাকুরা স্টিল মিলে দীর্ঘদিন ধরে চুরির ঘটনা ঘটছিল। প্রায়শই শুক্রবার জুমার নামাজের সময় এসব চুরি সংঘটিত হতো। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিরাপত্তাকর্মীরা নামাজে না গিয়ে চোর ধরার জন্য মিলের ভেতরে ওঁত পেতে থাকেন। এসময় শ্রী জয় প্রবেশ করলে তাকে ধাওয়া দিয়ে কুকুর লেলিয়ে দেওয়া হয় এবং পরে লাঠি দিয়ে মারধর করা হয়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর রাতেই র্যাব-১১ সিপিসি-২ এবং বুড়িচং থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে শান্ত ইসলাম, মোহাম্মদ লিপু ও মো. সজিব নামে তিনজনকে আটক করে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন—
“ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের র্যাব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। কারা আরও জড়িত থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে।”
এ ঘটনার পর দেবপুর ও আশপাশের এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মানবাধিকারকর্মী এবং স্থানীয় বিভিন্ন মহল এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY