প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 19, 2025 ইং
দুধ দিতে শুরু করেছে ১ দিনের বাছুর।

কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে মোহাম্মদ আবদুর রউফঃ
প্রকৃতির কী বিচিত্র খেয়াল? ১৭ দিনের বাছুর দুধ দিতে শুরু করেছে। ছোট্ট এ বাছুরটি যখন নিজে বাঁচতে মায়ের দুধ খাচ্ছে- ঠিক একই সাথে তার দুধ দোহন করে খাচ্ছে একটি কৃষক পরিবার। এমন ঘটনার ভিডিও চিত্র সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। খবর পেয়ে সরেজমিন পরিদর্শন শেষে কারণ নির্ণয়ের জন্য গবেষণা কমিটি গঠন করেছে প্রাণিসম্পদ দপ্তর।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের পূর্ব চরকরণশী গ্রামের এ বিস্ময়কর ঘটনা এখন "টক অব দ্য টাউন।"
জানা গেছে, সদ্য প্রসব হওয়া গাভী ও তার মাত্র ১৭ দিনের বাছুর একইসাথে দুধ দিচ্ছে, যা দেখতে কৌতূহলী মানুষের ভিড় জমাচ্ছে কৃষক হারুন অর রশিদের বাড়িতে। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ সার্বক্ষণিক তদরকির জন্য তাৎক্ষকণিক একটি মেডিকেল টিম গঠন করেছে। চলছে এ নিয়ে গবেষণাও।
গাভীর মালিক মো: হারুন অর রশিদ জানান, প্রায় দুই বছর আগে ৭৫ হাজার টাকায় তিনি গাভীটি ক্রয় করেন। গাভীটি সম্প্রতি একটি বাছুর প্রসব করেছে। আশ্চর্যের বিষয় হচ্ছে জন্মের প্রথম দিন থেকেই ওই বাছুরও দুধ দিতে শুরু করেছে।
গ্রাম ও আশপাশের এলাকায় এই খবর ছড়িয়ে পড়ায় কাক ডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বয়সের নারী-পুরুষের ভিড় জমছে হারুন অর রশিদের বাড়িতে। কেউ দেখে অবাক ও বিস্মিত হচ্ছেন, কেউবা এমন অবিশ্বাস্য ঘটনা বাস্তবে দেখে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।
শুক্রবার দুপুরে এমম ঘটনা দেখতে আসা জনৈক পঞ্চাশোর্ধ অবসরপ্রাপ্ত সেনা সদস্য মিজানুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, এরকম ঘটনা তারা জীবনে প্রথমবার প্রত্যক্ষ করছেন। একসাথে মা গাভী ও নবজাতক বাছুরের দুধ দেওয়া তাদের কাছে একেবারেই অবিশ্বাস্য মনে হচ্ছে।
এ বিষয়ে কথা হলে করিমগঞ্জ উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এম এম এ আউয়াল তালুকদার বলেন, এমন ঘটনা সত্যি বিরল। সাধারণত জন্মের কয়েক বছর না হলে কোনো বাছুর দুধ দিতে সক্ষম হয় না। ফলে এই ঘটনাটি বৈজ্ঞানিকভাবে পরীক্ষা-নিরীক্ষার দাবি রাখে। তবে বিজ্ঞান বলে মিল্কবিট লেয়ারের হরমোনগুলো সক্রিয় হওয়ায় নবজাতক বাছুর দুধ দিতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে।
এ সময় তিনি আরও বলেন, বাচ্চা ও মা গাভীর সার্বক্ষণিক তত্ত্বাবধানের জন্য ইতিমধ্যেই একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। একই সময় ও-ই বাছুরের দুধ মানুষের খাবারের উপযোগীতা সম্পর্কে তিনি বলেন, ওই দুধও অন্যান্য গাভীর দুধের মতোই স্বাভাবিক ও পুষ্টিমান সম্পন্ন।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY