প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 8, 2025 ইং
কুমিল্লায় ভাড়া বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার
কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকায় একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নিহতরা হলেন—তাহমিনা বেগম (৪৫), স্বামী মৃত নুরুল ইসলাম, সুজানগর এলাকার বাসিন্দা ,সুমাইয়া আক্তার (২৩), তাহমিনার মেয়ে ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী
স্থানীয় সূত্রে জানা যায়, তাহমিনা বেগম পরিবার নিয়ে প্রায় ৫-৬ বছর ধরে কালিয়াজুড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। তার দুই ছেলে ও এক মেয়ে ছিল। বড় ছেলে কুমিল্লা ইপিজেডে চাকরি করেন, ছোট ছেলে আইন বিষয়ে পড়াশোনা করছেন, আর মেয়ে সুমাইয়া পড়াশোনা করছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে।
রবিবার গভীর রাতে তাদের দুই ছেলে বাইরে থেকে ফোনে যোগাযোগ না পেয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন। পরে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশে যোগাযোগ করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, বাসার দুটি কক্ষের বিছানায় মা ও মেয়ের নিথর দেহ পড়ে আছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, “আমরা মরদেহ দুটি উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।”
এ ঘটনাকে ঘিরে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা বলছেন, মা-মেয়ের এমন করুণ মৃত্যু এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY