মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলা ও ভাঙচুর চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা, পাশাপাশি বিব্রত অবস্থায় পড়েছে বাংলাদেশ সরকারও।
জেনেভা কনভেনশন অনুযায়ী, স্বাগতিক দেশকে ওই দেশে অবস্থিত সব ধরনের বিদেশি মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে হয়। ফলে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যুক্তরাষ্ট্র সরকারের ওপর বর্তায়।
এ ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছেন সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি হামলার ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে অবিলম্বে তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
২৫ আগস্ট, সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে রাষ্ট্রদূত লেখেন, “নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগ সমর্থিত কতিপয় দুষ্কৃতিকারীর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি। আমি বিশ্বাস করি, যুক্তরাষ্ট্রে আমাদের সহকর্মীরা বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।”
প্রসঙ্গত, এ ঘটনায় সরকারের বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়েছে। কূটনৈতিক মহল মনে করছে, বিদেশি মাটিতে দেশের কনস্যুলেটে রাজনৈতিক হামলা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে।
মোঃ শাহজাহান বাশার