বান্দরবানে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই।
স্টাফ রিপোর্টার মোঃমোরশেদ আলম চৌধুরীঃ
বান্দরবান সদর উপজেলার ৬ নম্বর জামছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুরুংক্ষ্যং পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক উচমং মারমা জানান, সকালে পরিবারের সবাই কাজে বাইরে ছিলেন। দুপুরের দিকে খবর পান তার ঘরে আগুন লেগেছে। তিনি ধারণা করছেন, চুলার আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
স্থানীয়রা জানান, হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে তারা ছুটে আসেন। প্রবেশপথ সংকীর্ণ হওয়ায় কিছুটা সমস্যা হলেও সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ততক্ষণে পুরো ঘর ভস্মীভূত হয়ে যায়।
খবর পেয়ে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হিরামনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যসিংশৈ মারমাসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩ বস্তা চাল, ৩টি কম্বল, লবণ ও তেল প্রদান করা হয়।
মোঃ মনিরুজ্জামান