মোঃ সুজন আহমেদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়। এতে উপজেলার মোট ২,৫০০ প্রান্তিক কৃষকের হাতে উন্নতমানের বিভিন্ন ফসলের বীজ ও সার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ সুবর্না ইয়াসমিন সুমি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত। আরও উপস্থিত ছিলেন উল্লাপাড়া পৌরসভার সচিব আশরাফুল ইসলাম ভূইয়া, প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিছুর রহমান লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সরকার কৃষকদের উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রান্তিক কৃষকদের সহায়তায় এ ধরনের উদ্যোগ তাদের উৎপাদন বাড়াতে বিশেষ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার বিতরণ করা হয়।