ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামের কর্ণফুলীতে ব্যবসায়ীকে ইট দিয়ে থেঁতলে হত্যার ঘটনায় অভিযুক্ত আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 11, 2026 ইং
চট্টগ্রামের কর্ণফুলীতে ব্যবসায়ীকে ইট দিয়ে থেঁতলে হত্যার ঘটনায় অভিযুক্ত আটক ছবির ক্যাপশন: চট্টগ্রামের কর্ণফুলীতে ব্যবসায়ীকে ইট দিয়ে থেঁতলে হত্যার ঘটনায় অভিযুক্ত আটক
ad728
চট্টগ্রামের কর্ণফুলীতে ব্যবসায়ীকে ইট দিয়ে থেঁতলে হত্যার ঘটনায় অভিযুক্ত আটক
এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দিদারুল আলম (৪৪) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে ও মাথায় ইট দিয়ে থেঁতলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আবু তৈয়ব (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শুক্রবার (১০ এপ্রিল) রাত নয়টার দিকে মইজ্জ্যারটেক এলাকায় ইউসিবি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
নিহত দিদারুল আলম পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কালারপোল মোহাম্মদ নগর এলাকার বাসিন্দা। তিনি মৃত আহম্মেদ মিয়ার ছেলে। আটক আবু তৈয়ব একই এলাকার মৃত কবির আহম্মেদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দিদারুল ও আবু তৈয়ব আগে বন্ধু ছিলেন। নগরের রিয়াজুদ্দিন বাজারে দিদারুলের একটি স্টেশনারি দোকানে কাজ করতেন তৈয়ব। তবে আর্থিক লেনদেন নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিসও হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে কাজ শেষে নগরের বাকলিয়া এলাকায় নিজের বাসায় ফিরছিলেন দিদারুল আলম। পথে মইজ্জ্যারটেক এলাকায় আগে থেকে ওত পেতে থাকা আবু তৈয়ব তার ওপর হামলা চালান। একপর্যায়ে দুজনের মধ্যে তর্ক ও হাতাহাতি হয়। এ সময় লাঠি দিয়ে পিটিয়ে ও মাথায় ইট দিয়ে আঘাত করলে দিদারুল গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের প্রতিবেশী এম এ রহিম বলেন, প্রবাস থেকে ফেরার পর দিদারুল আলম আবু তৈয়বকে নিজের দোকানে কাজের সুযোগ দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি বিভিন্ন সময় দিদারুলের কাছে টাকা দাবি করতেন।
নিহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন বলেন, পুরোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, দিদারুল আলমের সঙ্গে আবু তৈয়বের আর্থিক লেনদেন ছিল। এর জেরে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে দিদারুলের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, অভিযুক্তকে আটক করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি পোস্ট করেছেন : এনামুল হক রাশেদী

কমেন্ট বক্স
পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গেলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গেলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী